প্রমাণ ছাড়া আটক, নূর ইস্যুতে এনসিপির সমালোচনায় ডেভিড বার্গম্যান
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গতকাল এক বিবৃতিতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের ৮০তম জন্মদিন উপলক্ষে সংবাদ প্রকাশ করায় কয়েকটি গণমাধ্যমের নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, তিনি 'ছাত্র-জনতার ওপর হত্যাযজ্ঞ"-এর অভিযোগে কারারুদ্ধ, তাই গণমাধ্যমের এমনটি করা অনুচিত। বিবৃতিতে তাঁর বিরুদ্ধে "নজিরবিহীন দুর্নীতির" অভিযোগও তোলা হয় এবং তাঁকে "ফ্যাসিবাদী ব্যবস্থার" অন্যতম "সাংস্কৃতিক খুঁটি" হিসেবে আখ্যা দেওয়া হয়।
হ্যাঁ, এ কথা সত্য যে ২০২৪ সালের জুলাইয়ের বিভিন্ন হত্যাকাণ্ডে কথিত সম্পৃক্ততার অভিযোগে নূর দুই বছরের বেশি সময় ধরে আটক আছেন। কিন্তু এনসিপি নিশ্চয়ই জানে, জুলাইয়ের গুলিবর্ষণ বা হত্যাকাণ্ডের সঙ্গে তাঁকে যুক্ত করার মতো কোনো প্রমাণ আজ পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তাঁকে দোষী প্রমাণ করে এমন কোনো ভিডিও নেই, আড়ি পেতে ধারণ করা কোনো ফোনালাপ নেই, তাঁর বিরুদ্ধে জোরালো কোনো সাক্ষীর জবানবন্দি নেই, তাঁকে জড়ায় এমন কোনো সিডিআর বা কল রেকর্ড নেই। তাঁর বিরুদ্ধে একমাত্র যে অভিযোগপত্র দেওয়া হয়েছে, বাড্ডার একটি হত্যা মামলায়, তাতে (গতকাল প্রথম আলোতে যেমনটা লিখেছি) তাঁকে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত করার মতো কিছুই নেই, একেবারেই কিছু নেই।
এনসিপি নিশ্চয়ই জানে, বাংলাদেশে কারও বিরুদ্ধে, বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কারও বিরুদ্ধে, অভিযোগ তুলে তাঁকে গ্রেপ্তার ও আটক করানোর চেয়ে সহজ কাজ আর নেই, তাঁর বিরুদ্ধে কোনো প্রমাণ থাকুক বা না থাকুক।
আমি এনসিপির উদ্দেশ্য নিয়ে কিছু আরোপ করতে চাই না। কিন্তু তাদের বিবৃতি থেকে এই সিদ্ধান্তে না পৌঁছানো কঠিন যে দলটি এমন একটি ফৌজদারি বিচারব্যবস্থা নিয়ে স্বস্তিতে আছে, যেখানে প্রমাণের প্রয়োজন নেই এবং মানুষকে এমন অপরাধের অভিযোগে কারাগারে আটকে রাখা হয়, যা তাঁরা করেননি। অবশ্য এই মুহূর্তে এমন অবস্থায় থাকা অসংখ্য মানুষের মধ্যে নূর একজন মাত্র।
আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ বছরের পর বছর মিথ্যা অভিযোগ ও নির্বিচার আটক দেখেছে। আওয়ামী লীগের বিরোধিতায় সবচেয়ে সোচ্চার দল এনসিপিও একই পথে হাঁটছে বলে মনে হওয়া সত্যিই হতাশাজনক। বরং মনে হয়, আটকের সিদ্ধান্তগুলো আদৌ বৈধ কি না, সে বিষয়ে দলটির কোনো আগ্রহই নেই, এমনকি যখন সেসব সিদ্ধান্ত নিচ্ছে সংস্কারহীন পুলিশ বাহিনী ও নিম্ন আদালত, যারা বহু বছর ধরে নিজেদের দুর্নীতিগ্রস্ত ও রাজনৈতিকভাবে প্রভাবিত হিসেবে প্রমাণ করেছে।
আর "নজিরবিহীন দুর্নীতির" দাবির কথা যদি বলি: দুর্নীতি দমন কমিশন (দুদক) নূরের বিরুদ্ধে কোনো মামলাই করেনি। অন্যদিকে নূরকে ফ্যাসিবাদের "সাংস্কৃতিক খুঁটি" বলে বর্ণনা করা, যে ভাষায় স্তালিন যুগের নিন্দাবাদের অদ্ভুত প্রতিধ্বনি শোনা যায়, কেবল তাঁর দীর্ঘ ও বৈচিত্র্যময় অভিনয়জীবন সম্পর্কে অজ্ঞতারই প্রকাশ। ১৯৭২ সালে শুরু হওয়া সেই অভিনয়জীবনকে আওয়ামী লীগের প্রতি সমর্থনে সীমাবদ্ধ করা যায় না। একটি উদাহরণ দিই: বিএনপি যখন আগে ক্ষমতায় ছিল, তখনো তিনি বিটিভির নাটকে নিয়মিত ও তুমুল জনপ্রিয় অভিনেতা ছিলেন।
নিজেদের সমালোচনাকে নৈতিক ভার দিতে এনসিপি দাবি করছে, "তাকে মানবিকতার প্রলেপ দিয়ে গণমাধ্যমে ইতিবাচকভাবে উপস্থাপন করা শহীদদের রক্তের সাথে চরম বিশ্বাসঘাতকতা, নির্যাতিত হাজারো পরিবারের অনুভূতির প্রতি উপহাস এবং ফ্যাসিবাদের ভয়াবহ অপরাধ আড়ালপূর্বক নর্মালাইজেশন প্রকল্পের অংশ।"
অথচ নূর কাউকে হত্যা বা আহত করার সঙ্গে জড়িত ছিলেন, এমন কোনো প্রমাণ যেহেতু নেই, তাই এই উসকানিমূলক ভাষার কোনোটিকে কীভাবে ন্যায্য বলা যায়, তা বোঝা কঠিন। বিবৃতির দ্বিতীয় অনুচ্ছেদে তো এনসিপি নূরকে "ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যা"র "গুরুতর অপরাধে কারারুদ্ধ" বলে কার্যত সত্য হিসেবেই দাবি করেছে। যে দাবির পক্ষে এনসিপি প্রমাণ দিতে পারে না, তার সমর্থনে সদ্য স্বজন হারানো পরিবারগুলোর শোককে ব্যবহার করার মধ্যে বেশ খানিকটা রুচিহীনতা আছে। এটিও অস্বস্তিকরভাবে আওয়ামী লীগের চর্চার কথা মনে করিয়ে দেয়।
আওয়ামী লীগের বিরোধীদের বিরুদ্ধে ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ ও তাঁদের কলঙ্কিত করার চর্চা বাংলাদেশ বছরের পর বছর দেখেছে। আর তা ন্যায্য প্রমাণ করতে প্রায়ই ১৯৭১ সালের যুদ্ধের ভুক্তভোগীদের নিয়ে একই ধরনের ভাষা ব্যবহার করা হতো। শুধু লক্ষ্যবস্তু উল্টে দিয়ে এনসিপি যদি দেশকে আবার একই অভিজ্ঞতার মধ্য দিয়ে নিতে চায়, তবে তা হবে খুবই দুঃখজনক।
অবশ্য এনসিপি সরকারের অংশ নয়। নূরসহ অন্যদের অব্যাহত আটকের মূল দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)। তবে বিএনপির নির্বিচার আটকের নীতিকে এনসিপি যেভাবে সমর্থন দিতে আগ্রহী বলে মনে হচ্ছে, তা খুবই দুঃখজনক।
এনসিপি ও বিএনপির উচিত ফৌজদারি বিচারের একটি মৌলিক নীতি স্বীকার করা। জুলাইয়ের হত্যাকাণ্ডের জন্য কেবল তাঁদেরই আটক রাখা ও বিচার করা উচিত, যাঁদের বিরুদ্ধে ফৌজদারি আইনের সংজ্ঞা অনুযায়ী হত্যা বা হত্যাচেষ্টায় সম্পৃক্ততার প্রকৃত প্রমাণ রয়েছে। বাকি সবাইকে মুক্তি দেওয়া উচিত। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা ফৌজদারি বিচারের ঠিক বিপরীত।
Comments