ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই শেষ দিন: নাছির
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে আজই দায়িত্ব পালনের শেষ দিন বলে জানিয়েছেন নাছির উদ্দীন নাছির। শুক্রবার (১৪ আগস্ট) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
বিদায়ী বার্তায় নাছির বলেন, তাঁর দায়িত্ব পালনের একটি দীর্ঘ, কঠিন ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি হচ্ছে। এ সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি সংগ্রাম, সাফল্য-ব্যর্থতা, আনন্দ-বেদনার পাশাপাশি সহযোদ্ধাদের ভালোবাসার কথা উল্লেখ করেন।
নোয়াখালীর সুবর্ণচরের সন্তান নাছির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন। একপর্যায়ে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়াকে তিনি নিজের রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, রাজনীতি শুধু পদ-পদবির বিষয় নয়; মানুষের জন্য কাজ করা, সংকটে পাশে দাঁড়ানো এবং নিজের বিশ্বাসের পক্ষে অবস্থান নেওয়ার দীর্ঘ পথচলা। ছাত্রদল তাঁকে এই যাত্রায় অনেক কিছু দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
নিজের রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ের কথা স্মরণ করে নাছির বলেন, এক-এগারো থেকে আওয়ামী লীগ সরকারের সময় পর্যন্ত তাঁর ছাত্ররাজনীতির পথ সহজ ছিল না। এ সময়ে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া নেতা-কর্মীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। তাঁদের ত্যাগই সংগঠনের বর্তমান অবস্থানের ভিত্তি তৈরি করেছে বলে মন্তব্য করেন নাছির।
Comments