ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের প্রবাসী শাহাদাত সর্দারের ছেলে কাউছার আহমেদ রাতুল (১৭) এবং নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের কাওছার মাতুব্বরের ছেলে রাজু মাতুব্বর (১৮)। সম্পর্কে তারা পরস্পর বন্ধু।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে রাতুল ও রাজু মোটরসাইকেলে করে ভাঙ্গা গোলচত্বর থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে 'গোল্ডেন লাইন পরিবহন'-এর একটি বাস পেছন থেকে তাদের মোটরবাইকটিতে জোরে ধাক্কা দেয়। এতে দুজনই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনাকবলিত স্থান থেকে প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে সেখান থেকেও আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুরে দুজনেরই মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার এবং নিহতদের মরদেহ থানা হেফাজতে নিয়ে এসেছে। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Comments