টাঙ্গাইলে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদণ্ড
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অনুমোদনহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত সোমবার (২৪ আগস্ট) দুপুর থেকে রাত ৮ টা পর্যন্ত ভূঞাপুরের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলো, সিরাজগঞ্জের শাহজাদপুরের রাসেল (৪৬), বরিশালের বানারিপাড়ার জামাল (৬৩), উজিরপুরের গিয়াস (৩৫), বরগুনা সদরের বাদল (৪২) ও পিরোজপুরের ভান্ডারিয়ার মনির হোসেন (৫২) প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয় এবং চাঁদপুর জেলার মতলব উপজেলার আক্তার হোসেনকে (৪৬)—কে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান জানান, অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের অভিযোগে উপজেলার যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল মিয়া, যুমনা সেতু পূর্ব নৌ ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Comments