কিরণ ও পিকুলা হাজং দম্পত্তিকে ঘর উপহার দিলেন ডেপুটি স্পিকার
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি'র পক্ষ থেকে অসহায় কিরণ হাজং ও পিকুলা হাজং দম্পত্তিকে নতুন ঘর উপহার দেওয়া হয়েছে।
২৫ আগস্ট (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় হাজং অধ্যুষিত গ্রামে তাদের হাতে এই ঘরের চাবি ও উপহার হস্তান্তর সম্পন্ন হয়। এই দম্পতি নিজেরাই ফিতা কেটে ঘরের শুভ উদ্বোধন করেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা কিরণ হাজং ও পিকুলা হাজং নিরাপদ আশ্রয়ের জন্য আকুতি জানিয়ে আসছিলেন। বিষয়টি নজরে আসার পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ব্যক্তিগত উদ্যোগে তাদের জন্য এই ঘরটি নির্মাণ করে পুনর্বাসনের ব্যবস্থা করেন।
নতুন ঠিকানা পেয়ে আবেগাপ্লুত কিরণ ও পিকুলা হাজং ডেপুটি স্পিকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
Comments