ফ্লেভারসের মিষ্টিতে পচা গন্ধ, মেরিডিয়ানের কিচেনে কিলবিল করছে তেলাপোকা
ফ্রিজে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ মিষ্টি-কেক, খাবার তৈরির জায়গায় ঘুরে বেড়াচ্ছে তেলাপোকা ও পচা গন্ধ। কোথাও আবার ব্যবহার হচ্ছে পোড়া তেল, কোথাও পোকায় আক্রান্ত বাদাম ও ম্যাংগো পাল্প। অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি মিলেছে পচা-বাসি খাবার, নষ্ট মসলা ও প্রয়োজনীয় নিবন্ধন না থাকার মতো অনিয়মও।
চট্টগ্রাম নগরীর 'মেরিডিয়ান ফুড' ও 'ফ্লেভারস সুইটসসহ চারটি খাদ্যপ্রতিষ্ঠানে অভিযানে উঠে এসেছে এমনই চিত্র।
আজ শনিবার (২২ আগস্ট) এসব অনিয়মের দায়ে চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা।
অভিযানে ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারিতে পচা-বাসি মিষ্টির উচ্ছিষ্ট সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ মিষ্টি, কেক ও বিস্কুট পাওয়া যায়। এ ছাড়া নিম্নমানের ঘি, অপরিচ্ছন্ন পরিবেশ এবং পোকাযুক্ত বাদাম ব্যবহারের প্রমাণ মেলে। বিভিন্ন কক্ষ ও ফ্রিজার তালাবদ্ধ রেখে পরিদর্শনে অসহযোগিতার অভিযোগও রয়েছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়।
মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেডে গিয়ে মেলে আরও ভয়াবহ চিত্র। সেখানে তেলাপোকার উপস্থিতি, পোকামাকড়যুক্ত ম্যাংগো পাল্প ও পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস, নিমকি ও অন্যান্য খাদ্যপণ্য তৈরির অভিযোগও শনাক্ত হয়। প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় ১০ লাখ টাকা।
এ ছাড়া রিও ক্যাফে-মাজায়দারে পচা-বাসি খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় নিবন্ধন না থাকার বিষয় শনাক্ত হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, ভোক্তার নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। খাদ্যের মান ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
Comments