নেত্রকোণায় বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
নেত্রকোণার আটপাড়ায় গরুর জন্য কচুরিপানা আনতে গিয়ে বজ্রপাতে আল মামুন ওরফে নাঈম মিয়া (১৬) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাঈম ওই গ্রামের আলামিন মিয়ার ছেলে। তিনি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলাফলের অপেক্ষায় ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সামনের বিল থেকে নৌকায় করে গরুর জন্য কচুরিপানা আনতে যান নাঈম। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান বলে জানিয়েছেন স্থানীয়রা। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তার বাবা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিলের মধ্যে নাঈমকে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসেন।
নাঈমের প্রতিবেশী কোরায়শী তালুকদার বলেন, সকালে নৌকা নিয়ে বাড়ির সামনের বিলে কচুরিপানা আনতে গিয়ে বজ্রপাতে নাঈমের মৃত্যু হয়। অনেকক্ষণ বাড়িতে না ফেরায় তার বাবা খুঁজতে গিয়ে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পান।
আটপাড়া থানার ওসি মোহাম্মদ জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Comments