গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
গোপালগঞ্জে ট্রাক ও যাত্রীবাহী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্ততঃ ২০ জন।
মঙ্গলবার (১৮ আগষ্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ ও বৌলতলী পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক শফিউল আলম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তিনজনের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-ফরিদপুর জেলার সালথা উপজেলার উত্তর চন্দিবর্দি গ্রামের মো: সিপন শেখের ছেলে এনডিই ঠিকাদারী প্রতিষ্ঠানের ট্রাক ড্রাইভার নাদিম শেখ (২৮) ও বাগেরহাট জেলার রামপাল উপজেলার বড় কাঠালী গ্রামের মো: আ: কাদের মোছাল্লীর ছেলে এনডিই ঠিকাদারী প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড আবু হাছিব মুসাল্লী (১৯)। তবে নিহত নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বৌলতলী পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক শফিউল আলম জানান, দুপুরে টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী সোনালী পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাস সদর উপজেলার বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি রাস্তার পাশে খাঁদে পড়ে যায় এবং ট্রাকটি রাস্তার উপর উল্টে পড়লে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত হন। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মারাত্মক আহত ১৫ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একজনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দূর্ঘঘটনা কবলিত বাস ও ট্রাকটি সড়িয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনার পর গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানিয়েছেন, দ্রুতগতির কারণে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। সোনালী পরিবহনের লোকাল বাসটিকে নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ দুপুর ১টা ৪০ মিনিটে করপাড়া স্টেশনে পৌঁছানোর কথা ছিলো।কিন্তু দ্রুতগতির কারণে বাসটি দুর্ঘটনায় পড়ে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মালেক সরদার বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাম্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ বলেন, নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার পাশাপশি দূর্ঘটনার কারন তদন্ত করা হবে।
Comments