চিকিৎসা সেবায় সিন্ডিকেট চলবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে পঞ্চগড় হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত করায় কতৃপক্ষ সংবর্ধনা দিতে চেয়েছিল। আমি তাদের বলেছি সংবর্ধিত করতে তারেক রহমান আমাকে সভাপতি করেননি, বরং এই হাসপাতাল সহ জেলার স্বাস্থ্য খাতে সকল সিন্ডিকেট ভেঙ্গে প্রকৃত চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের সহযোগিতা চাই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় দুই (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (১৫ আগস্ট) সকালে পঞ্চগড় জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অবহেলায় থাকা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান, জনবল ও অবকাঠামোগত সংকট দূর করতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করছি। একই সঙ্গে হাসপাতালকে ঘিরে কোনো ধরনের সিন্ডিকেট থাকলে তা নির্মূলের হুঁশিয়ারি উচ্চারণ করে প্রতিমন্ত্রী আরও বলেন, হাসপাতালকে ঘিরে কথিত আন্ডারগ্রাউন্ড সিন্ডিকেট-এর অভিযোগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি চিকিৎসাসেবার মান নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে একই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এসময় সারজিস আলম এলাকার কৃতি সন্তান হিসেবে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে পঞ্চগড়ের উন্নয়ন তরান্বিত হবে আশাবাদ ব্যক্ত করে সকল সহোযোগিতার কথা উল্লেখ করেন।
পঞ্চগড় জেলা হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সদর হাসপাতালের সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জর্জ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট নাজমুল ইসলাম কাজল, জেলা জামায়াতের আমীর ইকবাল হোসেন, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার প্রমুখ।
বক্তারা জানান, পুরাতন ভবনের পরিবর্তে হাসপাতালের নতুন অবকাঠামো নির্মাণ হলেও এখনো চালু করা হয়নি। প্রয়োজনীয় চিকিৎসক, আধুনিক যন্ত্রপাতি ও অন্যান্য সুযোগ-সুবিধার ঘাটতিতে রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র যেতে হচ্ছে। প্রতি মাসে প্রায় ৪০ হাজার মানুষ চিকিৎসাসেবা নিচ্ছেন। কিন্তু এমআরআই ও সিটি স্ক্যানসহ আধুনিক যন্ত্রপাতির সংকট রয়েছে। ফলে রোগীদের ভোগান্তি বাড়ছে।
এর আগে উন্মুক্ত আলোচনায় পঞ্চগড়ের বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খেটে খাওয়া মানুষ ও বিভিন্ন সুধিজন অংশগ্রহণ করেন।
Comments