বন্যা পরিস্থিতির অবনতি, দুই নদীর পানি বিপৎসীমার ওপরে
দেশে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট) এবং খোয়াই নদীর বাপ্পা (হবিগঞ্জ) স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে।
বুধবার (১২ আগস্ট) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
পাউবো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল বেড়েছে। খোয়াই নদীর পানি আগামী একদিন স্থিতিশীল থেকে পরবর্তী দুই দিন কমতে পারে। অন্যদিকে মনু ও ধলাই নদীর পানি আগামী একদিন বাড়ার পর পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা ও সাঙ্গু নদীর পানিও বেড়েছে। তবে মাতামুহুরী নদীর পানি কমেছে। এসব নদীর পানি আগামী একদিন আরো বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় কমেছে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীগুলোর পানি। আগামী তিন দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।
ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানিও কমেছে, যা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে।
তবে গঙ্গা-পদ্মা নদীর পানি বেড়েছে এবং আগামী পাঁচ দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি ভারি বৃষ্টিপাত হতে পারে।
এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাগুলো।
Comments