চেতনা নাশক স্প্রে দিয়ে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুট
কলাপাড়ায় চেতনানাশক ওষুধ স্প্রে করে পরিবারের সবাইকে অচেতন করে নগদ দুই লক্ষ টাকা, তিন লক্ষ টাকার স্বর্ণালংকার এবং তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত।
রবিবার গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের আলম খানর বাড়িতে এ ঘটনা ঘটে। স্বজনেরা ভুক্তভোগী মো: আলম খান (৫১),আয়শা বিবি(৭৫),মাছুমা বেগম (৪৫),মো. রাসেল, (৩০) হাফসা বেগম (২৫) কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি আয়শা বিবি, মাছুমা বেগমের।
ভুক্তভোগী আলম খান জানান, তিনি ধান কেনা বেচা ব্যবসা করেন। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। সকালে অনেক বেলা পর্যন্ত কারও ঘুম ভাঙছিল না। এক পর্যায়ে বাড়ির অন্য সদস্যরা ডাকাডাকি করে রুমের দরজা ভাঙার চেষ্টা করেন। শব্দ পেয়ে জেগে উঠেন। কিন্তু শারীরিকভাবে প্রচণ্ড দুর্বলতা অনুভব করেন। ঘরের ভেতর আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখেন। দুর্বৃত্তরা রাতে সুযোগ বুঝে কোন এক সময় ঘরের দোতলার দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে চেতনানাশক ওষুধ স্প্রে করে সবাইকে অচেতন করে ঘরে ঢুকে। এ সময় আলমারিতে থাকা পাঁচ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণলঙ্কার নিয়ে গেছে। পরে স্বজনরা উদ্ধার করে তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে ভুক্তভোগীর ছোট ভাই বজলু খান বলেন, সকালে আমরা চুরির খবর পেয়ে বড় ভাইয়ের বাসায় যাই। সেখানে গিয়ে দেখি সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে। বাড়ির আলমারি ভাঙা ও জিনিসপত্র এলোমেলো ভাবে পরে আছে। পরবর্তীতে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করি।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এবিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments