হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এই বৈঠক হয়।
বিকাল সাড়ে ৩টায় হেলিকপ্টারযোগে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে পৌঁছান সরকারপ্রধান। এ সময় রাস্তার দুই পাশে ভিড় করা সাধারণ মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান। পরবর্তীতে সেখান থেকে সড়কপথে তিনি সরাসরি বাবুনগর মাদ্রাসায় যান তিনি।
মাদ্রাসায় পৌঁছানোর পর হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। হেফাজতের শীর্ষনেতা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজত আমিরের এই বৈঠকে দেশের শীর্ষ ৬ জন আলেম-মাশায়েখ অংশ নিয়েছেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদসহ সরকারের একাধিক সংসদ সদস্য ও রাজনৈতিক সিনিয়র নেতারা।
হেফাজত আমিরের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী হাটহাজারী উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদ্রাসা) প্রাঙ্গণে অবস্থিত হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির মরহুম শাহ আহমদ শফীর কবর জিয়ারত ও বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
এর আগে চট্টগ্রাম সফরের অংশ হিসেবে দুপুরে বাঁশখালীতে বন্যাকবলিত মানুষের জন্য আয়োজিত পুনর্বাসন সহায়তা কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। দিনের শুরুতে সকালে কক্সবাজারের মহেশখালীতে পৌঁছান তিনি। সেখানে মাতাবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) বিভিন্ন চলমান উন্নয়নমূলক অবকাঠামো পরিদর্শন করেন সরকারপ্রধান।
Comments