পেস্ট বানিয়ে আন্ডারওয়্যারে সোনা পাচার; চট্টগ্রাম বিমানবন্দরে আটক ১
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে পেস্ট ও পাউডার আকারে আনুমানিক ১ হাজার ৫০০ গ্রাম সোনা জব্দ করেছে যৌথ তল্লাশি দল। উদ্ধার করা এই সোনার বর্তমান বাজারদাম প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকা।
সোমবার (৩ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের 'BG-148' ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান ওই যাত্রী।
আটক যাত্রীর নাম মোহাম্মদ তুষার। তিনি কুমিল্লা সদরের দীঘল-গাঁও এলাকার বাসিন্দা। তাঁর পাসপোর্ট নম্বর EL0102972।
বিমানবন্দর সূত্র জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এবং কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে ওই যাত্রীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার পরনের আন্ডারওয়্যারের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পাউডার ও পেস্ট সদৃশ সোনা উদ্ধার করা হয়। পাউডার থেকে আসল সোনার সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণে স্বর্ণকারের সহায়তায় প্রক্রিয়া চলমান রয়েছে।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা সোনার পরিমাপের কার্যক্রম শেষ হলে তা বিমানবন্দর কাস্টমসের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। একই সাথে আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও মামলার প্রস্তুতি চলছে।
Comments