‘আইওয়াশ পার্কিং চলবে না’ বেসরকারি হাসপাতালগুলোকে সিডিএ চেয়ারম্যানের হুঁশিয়ারি
চট্টগ্রাম নগরের ক্রমবর্ধমান যানজট নিরসনে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে বেসরকারি হাসপাতালগুলোকে পর্যাপ্ত নিজস্ব পার্কিং ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। পার্কিং সুবিধা নিশ্চিত না করলে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
সোমবার দুপুরে নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এ কথা জানান। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত সিডিএর একটি উচ্চক্ষমতাসম্পন্ন দল মেট্রোপলিটন হাসপাতাল, রয়েল হাসপাতাল, মেডিকেল সেন্টার ও সিএসসিআর হাসপাতালসহ কয়েকটি বেসরকারি হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করে।
পরিদর্শন দলে সিডিএর প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সেলিম, এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান, অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ এবং অথরাইজড অফিসার-২ মো. তানজীব হোসেন উপস্থিত ছিলেন।
পরিদর্শনে দেখা যায়, মেট্রোপলিটন হাসপাতালের পার্কিং ব্যবস্থা তুলনামূলক ভালো হলেও তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। অন্যদিকে সিএসসিআর হাসপাতাল, মেডিকেল সেন্টার ও রয়েল হাসপাতালের পার্কিং ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল বলে মন্তব্য করেন পরিদর্শনকারী কর্মকর্তারা। সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে অনুমোদিত নকশা অনুযায়ী দ্রুত পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়।
সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, 'নগরের যানজটের অন্যতম কারণ বেসরকারি হাসপাতালগুলোর সামনে অপর্যাপ্ত পার্কিং এবং সড়কে যানবাহন দাঁড় করিয়ে রাখা। অধিকাংশ হাসপাতাল সিডিএর ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে পর্যাপ্ত পার্কিং ছাড়াই বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে। এটি আর চলতে দেওয়া হবে না।'
তিনি আরও বলেন, 'হাসপাতালগুলো নিজেরাও জানে তারা কোথায় কোথায় আইন ভঙ্গ করেছে। তাই অবিলম্বে নিজস্ব উদ্যোগে পর্যাপ্ত স্থায়ী পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আংশিক পার্কিং বা লোকদেখানো ব্যবস্থা গ্রহণযোগ্য নয়।'
বেলায়েত হোসেন জানান, সিডিএ, চট্টগ্রাম সিটি করপোরেশন, ওয়াসা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগরের যানজট নিরসনে সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আরো বলেন, 'নগরবাসীর দুর্ভোগ কমাতে কাউকে ছাড় দেওয়া হবে না। আজ যেসব হাসপাতালকে সতর্ক করা হয়েছে, এটিই তাদের প্রতি শেষ সতর্কবার্তা। পরবর্তী পরিদর্শনে হাসপাতালের আকার অনুযায়ী প্রয়োজনীয় পার্কিং ব্যবস্থা দৃশ্যমান না হলে কোনো অজুহাত গ্রহণ না করে সরাসরি কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
সিডিএ সূত্র জানায়, মেট্রোপলিটন হাসপাতালে পার্কিং ব্যবস্থা থাকলেও পর্যাপ্ত গাড়ি পার্কিং এ যাচ্ছে না সে জন্য ব্যবস্থা নিতে বলা হয়। রয়েল হাসপাতালে বাণিজ্যিক ভবনের অনুমোদন নিয়ে হাসপাতাল নির্মাণ করেছে তাদের পার্কিং অপর্যাপ্ত। মেডিকেল সেন্টার বাণিজ্যিক ভবনের অনুমোদন নিয়ে হাসপাতাল নির্মাণ করেছে তাদের পার্কিং অপর্যাপ্ত পার্কিং ও ডাস্টবিন, সিলিন্ডার। সিএসসিআর হসপিটাল তাৎক্ষণিক নকশা উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে।
Comments