গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, মোটর সাইকেলে আগুন, আটক ২০
২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মৃত্যু ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। বিক্ষোভ চলাকালে রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হকের মোটর সাইকেল পুড়িয়ে দেয়া হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২০ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া ৪টি মাইক্রোবাস, ১টি বাস ও ২টি ইজিবাইক জব্দ করা হয়।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ মিছিল ও আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় বিক্ষোভকারীরা ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে এবং মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখান থেকে সটকে পড়েন মিছিলকারীরা। সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য ২০ জনকে আটক করে পুলিশ। এছাড়া ৪টি মাইক্রোবাস, ১টি বাস ও ২টি ইজিবাইক জব্দ করা হয়।
এছাড়া জেলা শহরের বেদগ্রাম এলাকায় মিছিল করার জন্য জড়ো হলে পুলিশ ধাওয়া দিলে সেখান থেকে পালিয়ে যান ছাত্রলীগের নেতাকর্মীরা।
কাশিযানীর রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক বলেন, আমরা গোপালগঞ্জ থেকে রাতইল আসতেছিলাম। এসময় রাতইল এলাকায় পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাকে ধাওয়া করে। পরে আমার মোটর সাইকেল আগুন ধরিয়ে দেয়।
কাশিযানীর রাতইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো: নান্নান খাকি বলেন, আমি আমার সাধারণ সম্পাদকে নিয়ে রাতইল আসতেছিলাম। এসময় তারইলের ফাকা-খুলনা মহাসড়কে পৌঁছালে দেখি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। এসময় তারা আমার সাধারণ সম্পাদক এমদাদুল হকের মোটর সাইকেলটি পুড়িয়ে দেয়।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ওই স্থানে মিছিল বের করা চেষ্টা করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ২০জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা জড়িত নয় তাদের ছেড়ে দেয়া হবে ও জাড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments