জমি দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে বরগুনায় সংবাদ সম্মেলন
বরগুনার বেতাগী উপজেলার কাজীরাবাদ ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক বিধবা নারী। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেতাগী উপজেলার ৬ নম্বর কাজীরাবাদ ইউনিয়নের চান্দখালী বাজার এলাকার বাসিন্দা মোসাম্মৎ শাহানাজ বেগম, মরহুম জাহাঙ্গীর আলমের স্ত্রী।
লিখিত বক্তব্যে শাহানাজ বেগম বলেন, স্বামীর মৃত্যুর পর দুই মেয়ে ও আট বছর বয়সী এক ছেলেকে নিয়ে দোকান ভাড়ার আয়ে তার সংসার চলে। অসহায় অবস্থার সুযোগ নিয়ে প্রতিবেশী ও কাজীরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মঞ্জু তার স্বামীর সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি দাবি করেন, তার শ্বশুর মোহাম্মদ গোলাম মোস্তফা ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর আবুল বাশার ইমরানের কাছে সাব-কবলা দলিলের মাধ্যমে ৪০ শতাংশ জমি বিক্রি করেন। দলিলের শর্ত অনুযায়ী নির্ধারিত সীমানায় ক্রেতা দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ভোগদখলে রয়েছেন। পরবর্তীতে ওই ক্রেতার কাছ থেকে দেলোয়ার হোসেন মঞ্জু ৬ শতাংশ জমি ক্রয় করলেও তিনি নিজ ক্রয়কৃত অংশে না গিয়ে শাহানাজ বেগমের দখলীয় বসতভিটার মূল্যবান জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, জমি দখলে ব্যর্থ হয়ে অভিযুক্ত ব্যক্তি স্থানীয় কিছু লোককে সঙ্গে নিয়ে তাকে ও তার সন্তানদের বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করছেন। এমনকি তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এছাড়া রাতের অন্ধকারে তার বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ, ময়লা অপসারণের পাইপলাইন কেটে দেওয়া এবং এলাকা ছেড়ে চলে যেতে চাপ প্রয়োগের অভিযোগও করেন।
শাহানাজ বেগম বলেন, অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ায় তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি প্রশাসনের নজরে এনে আইনি সহায়তা নিশ্চিত করার দাবি জানান।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং জমিটির ওপর আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে। তার অভিযোগ, আদালতের ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই দেলোয়ার হোসেন মঞ্জু জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান শাহানাজ বেগম।
Comments