গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় হেলপারসহ নিহত ২
গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় হেলপারসহ দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকার সেবা গ্রীনলাইন ফিলিং স্টেশন ও সোমবার (৮ জুন) রাতে একই মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এনার্জি পাম্পের সামনে এসব দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ও কাশিয়ানী থানার ওসি মো: মাহফুজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- ফরিদপুর জেলার নগরকান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে কাভার্ড ভ্যানের হেলপার মাসুদ রানা (৩৫) ও কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের কাদিরপাড়ার শওকত হোসেন মিঠু মুন্সী (৪০)।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকা ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১২-৬৯৯৬) গেড়াখোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের (ঢাকা-মেট্রো-ম-১১২৭৬৯) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাক ও কাভার্ড ভ্যানের সামনে অংশ দুমড়ে মুচড়ে গেলে কাভার্ড ভ্যানের হেলপার গাড়ির ভেতরে আটকে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হেলপারকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে কাশিয়ানী থানার ওসি মো: মাহফুজুর রহমান জানান, সোমবার রাতে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে বাড়ী যাচ্ছিলেন শওকত হোসেন মিঠু মুন্সী। এসময় তিনি পোনা এলাকার এনার্জি পাম্পের সামনে পৌঁছালে দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
Comments