পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, নেত্রকোণায় যুবক নিহত
নেত্রকোণার কেন্দুয়ায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে দুইপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যায় জড়িত সন্দেহে এক নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের দলপা কান্দাপাড়া গ্রামে ঘটে এ ঘটনা ঘটে। নিহত যুবক মিলন মিয়া (৩৫) দলপা কান্দাপাড়া গ্রামের আমজুদ আলীর ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানিয়েছে, পাওনা টাকা গ্রামের মিলন মিয়ার সাথে ইমনের বিরোধ চলছিল। এর জেরে দুপুরের দিকে গ্রামে মিলন মিয়ার সাথে ইমন ও তার লোকজনের কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান।
এসময় মিলন মিয়া প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের কোপে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান।সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিলন মিয়ার নিহতের খবরে গ্রামবাসী হত্যায় জড়িত সন্দেহে এক নারী ও এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি দুইজনকে আটক করে। লাশ নেত্রকোণা সদর হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালটির মর্গে পাঠানো হবে।
Comments