ঈদযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া, অভিযানে জরিমানা
ঝালকাঠির রাজাপুরে ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ঢাকাগামী তিনটি পরিবহনকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ জুন) সকালে উপজেলার বাইপাস মোড় এলাকায় পরিচালিত অভিযানে রাজাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীব এ জরিমানা করেন।
জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্রামে আসা মানুষজন ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করলে প্রতি বছরের মতো এবারও কিছু পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাইপাস মোড়ে মাঈনুল নামে এক ব্যক্তির কাউন্টারে গিয়ে সত্যতা পায়।
অভিযানে ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস পরিবহনকে ১৫ হাজার টাকা, ইসলাম পরিবহনকে ১০ হাজার টাকা এবং ইরান পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে ঝালকাঠি-ঢাকা রুটে চলাচলকারী বিভিন্ন পরিবহন, যেমন বরিশাল এক্সপ্রেস, ইসলাম, ইমাদ, ইরান, ইতালি, বলেশ্বর, যমুনা ও জেবি পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রায়ই উঠে আসে। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হন।
রাজাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব বলেন, "ঈদকে পুঁজি করে কিছু অসাধু পরিবহন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে—এমন অভিযোগের ভিত্তিতে কাউন্টারে গিয়ে তদন্ত করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় তিনটি পরিবহনকে জরিমানা করা হয়েছে। যাত্রীদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
অভিযানের খবরে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। সাধারণ যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপের দাবি জানান।
Comments