শাহরাস্তিতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, ৪ শিক্ষার্থীকে জরিমানা
চাঁদপুরের শাহরাস্তিতে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে চার শিক্ষার্থীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন এই দণ্ডাদেশ প্রদান করেন।
আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিরা আজিম একাডেমির এক শিক্ষার্থীকে পাঁচ তরুণ মিলে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
দণ্ডপ্রাপ্তরা হলেন— কসবা গ্রামের মো. রাকিবুল হাসান (১৮), তানজিল ছিদ্দিক সৌরভ (১৮), আহসিম বিল্লাহ তানি (১৮) এবং রায়েরবাগ গ্রামের আশ্রাফুল করিম (১৮)। অভিযুক্ত প্রত্যেকেই শিক্ষার্থী। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড দেন।
পুলিশ জানায়, এই ঘটনার সঙ্গে জড়িত মাহফুজ আলম নামের অপর এক তরুণ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার বাবা মো. মনির হোসেন উপজেলা প্রশাসনের কাছে হাজির হয়ে লিখিত মুচলেকা দেন। মুচলেকায় তিনি অঙ্গীকার করেন যে, তার ছেলে ভবিষ্যতে এ ধরনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন গণমাধ্যমকে জানান, নারী ও শিশুদের নিরাপত্তায় প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি বলেন, "শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে ইভটিজিং বা এ ধরনের অপরাধ রোধে আমাদের নজরদারি আরও জোরদার করা হবে। সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।"
এলাকাবাসীর দাবি, বখাটেদের এমন তৎপরতায় ছাত্রীদের যাতায়াতে বিঘ্ন ঘটছে। প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।
Comments