আমান উল্লাহ আমানের হাত ধরে ঢাকা-মাওয়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি
বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়কে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে মহাসড়কের ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় কয়েকটি গাছের চারা রোপণের মাধ্যমে ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আমান উল্লাহ আমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ও পুরোহিতদের সম্মানী ভাতা, খাল খনন, পরিচ্ছন্নতা অভিযান এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি।
তিনি বলেন, সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে শুরু হওয়া এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশের ভারসাম্য রক্ষা, মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি এবং পথচারীদের ছায়া প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান আরও বলেন, শুধু সরকারি উদ্যোগই নয়, ব্যক্তি পর্যায়েও বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসতে হবে। একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে নাগরিকদের দায়িত্বশীল হতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগ, মুন্সিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, কেরানীগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী হারুন উর রশিদ এবং উপ-সহকারী প্রকৌশলী চৌধুরী সাজ্জাদ আরেফিন।
Comments