অতিরিক্ত বাসভাড়ায় ক্ষোভ, মহাসড়কে যাত্রীদের অবস্থান
নির্বাচনকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে আশুলিয়ার বাইপাইল এলাকায় সড়ক অবরোধ করেছেন যাত্রীরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে তারা সড়কে অবস্থান নেন। অবরোধকারীদের অভিযোগ, পোশাক কারখানার শ্রমিকদের শেষ কর্মদিবস ছিল সোমবার। নির্বাচন উপলক্ষে শ্রমিক ও সাধারণ মানুষ গ্রামে ফিরতে শুরু করলে বাসচালক ও সহকারীরা স্বাভাবিক ভাড়ার তুলনায় কয়েকগুণ বেশি অর্থ আদায় করছেন। এ অবস্থায় অতিরিক্ত ভাড়া বন্ধ ও ন্যায্য ভাড়া কার্যকরের দাবিতে তারা সড়কে নামেন।
যাত্রী সোলাইমান জানান, ১৭ বছর পর ভোট দিতে তিনি জামালপুরে যাচ্ছেন। যেখানে ভাড়া ৩০০ টাকা হওয়ার কথা, সেখানে ১ হাজার টাকা দাবি করা হচ্ছে। একই অভিযোগ করেন পোশাক শ্রমিক নাদশা সরকার। তিনি বলেন, ছুটি পাওয়ার পর শ্রমিকরা বাড়ি ফিরতে চাইছেন, কিন্তু বাসচালকরা দ্বিগুণ ভাড়া চাইছেন। আগে রাজশাহীতে যেতে ৫০০ টাকা লাগলেও এখন এক হাজার টাকার বেশি চাওয়া হচ্ছে, ফলে অনেক শ্রমিক বাড়ি ফিরতে পারছেন না।
এদিকে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহজাহান বলেন, সড়কে যাত্রীর চাপ বেশি থাকায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। তবে অবরোধের বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
Comments