মালদ্বীপে এক দিনে দুই বাংলাদেশির মৃত্যু, প্রাণ গেল হার্ট অ্যাটাকে
পরিবারের মুখে হাসি ফোটাতে, আর্থিক অনটন ঘুচিয়ে স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন দুই বাংলাদেশি। কিন্তু ভাগ্য বদলানোর সেই স্বপ্ন পূরণের আগেই ঝরে গেল তাঁদের প্রাণ। ৪২ বছর বয়সী আব্দুল গাফফার মালদ্বীপে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই এবং ৩০ বছর বয়সী সোশান্ত চন্দ্র কোচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, দুজনেরই মৃত্যু হয়েছে স্ট্রোকে।
দিনাজপুরের বিরামপুর উপজেলার কেত্রাহাট এলাকার বাসিন্দা আব্দুল গাফফার গত ৬ অক্টোবর শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে মালদ্বীপে যান। রাতে ঘুমানোর পর আনুমানিক ৩টার দিকে বুকে ব্যথা অনুভব করেন তিনি। সহকর্মীদের সঙ্গে কথা বলে আবার ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে তাঁর কোনো সাড়া না পেয়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাফফারের নিকটাত্মীয় মো. আল আমিন জানান, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় ধারদেনা করে মালদ্বীপে এসেছিলেন তিনি। তাঁর লাশ দ্রুত দেশে ফিরিয়ে নিতে পরিবারের পক্ষ থেকে হাইকমিশন ও সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে হাইকমিশন।
অন্যদিকে, টাঙ্গাইলের সখীপুর উপজেলার নলুয়া গ্রামের বাসিন্দা সোশান্ত চন্দ্র কোচ প্রায় এক বছর ধরে মালদ্বীপের কুলহুডুফুশি দ্বীপে একটি নির্মাণপ্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
সহকর্মী এনামুল জানান, গত ৭ অক্টোবর রাতে ঘুমের মধ্যে সোশান্তের চিৎকার শুনে সহকর্মীরা ছুটে আসেন। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে ৮ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, স্ট্রোকেই তাঁর মৃত্যু হয়েছে।
Comments