মালদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপে আলোচনা সভা, দোয়া ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানী মালের 'মিল ক্লাব' রেস্টুরেন্টে বিএনপি মালদ্বীপ শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান। সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা।
বিএনপি মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সহ-সভাপতি মো. ফারুক হোসেন, মো. মুক্তার হোসেন ও রহিম মিয়া। এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মুন্না, যুবদল নেতা আরিফুল ইসলাম, আবু জাহের ও আবু আহমেদ সেলিমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলটির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে প্রবাসে থেকেও দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছেন। প্রবাসে অবস্থান করলেও দেশের প্রতি দায়বদ্ধতা থেকে দলীয় নেতাকর্মীরা নিজেদের অবস্থান থেকে কাজ করে যাবেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও বিএনপির নেতাকর্মীদের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে কেক কেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
Comments