স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপে আলোচনা ও দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৮ আগস্ট) দলটির মালদ্বীপ শাখার উদ্যোগে রাজধানীর মালের একটি অভিজাত হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মাসুম মুন্না। প্রধান অতিথি ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মালদ্বীপ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নুরনবী মানিক ও যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি মো. ফারুক হোসেন, সহ-সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ এবং মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত সভাপতি মো. আরিফুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটির নেতাকর্মীদের ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রেখে চলেছেন।
বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম বাংলাদেশ গড়তে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
Comments