খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে মালয়েশিয়ায় দোয়া মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপি মালয়েশিয়া এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। ১৫ আগস্ট (শনিবার) রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিচক্ষণ নেতৃত্ব, সততা, দেশপ্রেম ও সাহসিকতার গুণে গৃহবধূ বেগম জিয়া বাংলাদেশের সর্বজনপ্রিয় নেত্রীতে পরিণত হয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন আপসহীন। শত বাধা-বিপত্তি, জেল ও নির্যাতন উপেক্ষা করে তিনি দেশের মানুষের পাশে থেকেছেন। দেশের মাটি ও মানুষই ছিল তার সবচেয়ে বড় ঠিকানা।
বিএনপি মালয়েশিয়ার সহ-সভাপতি তালহা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত ও শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বুকিট বিন্তাং বাংলা মসজিদের খতিব মাওলানা মো. আবু তাহের।
বিএনপি মালয়েশিয়ার সাংগঠনিক সম্পাদক মির্জা সালহা উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন দলের সহ-সভাপতি ড. এস এম রহমান তনু, জামালপুর সদর বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, প্রফেসর ও পিএইচডি স্কলার সাফিউর রহমান, যুবদল মালয়েশিয়ার সভাপতি মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি মো. নাজমুল হাসান ও শেখ মো. সেলিম, জাসাস মালয়েশিয়ার আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম, যুবদলের প্রচার সম্পাদক বাদল কারার, স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম কবিরসহ অনেকে।
Comments