ঢাকা থেকে যাচ্ছে প্রকৌশলী, দীর্ঘ অপেক্ষার দুর্ভোগে অসুস্থ একাধিক যাত্রী
ইতালির রোম বিমানবন্দরে গ্রাউন্ডেড হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৬ ফ্লাইটের কারিগরি ত্রুটি সারাতে ঢাকা থেকে রওনা হয়েছেন প্রকৌশলীরা। দেশটির কান্ট্রি ম্যানেজার জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল ৬টা ৫০ মিনিটে তাদের রোমে পৌঁছানোর কথা রয়েছে। এদিকে বিমানবন্দরে আটকে থাকা ২৫৯ জন যাত্রীর চরম দুর্ভোগ অব্যাহত রয়েছে। সারা রাত লাউঞ্জে রাখার পর ভোরে আবার ওয়েটিং রুমে নিয়ে এলে দীর্ঘ ভ্রমণক্লান্তিতে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন যাত্রী। ঢাকার উদ্দেশে উড্ডয়নের অনিশ্চয়তা কেটে দ্রুত দেশে ফেরার আকুতি ভুক্তভোগীদের।
রোম বিমানবন্দরে টানা বহু ঘণ্টা ধরে আটকা পড়ে আছেন টরন্টো থেকে ঢাকাগামী বিজি-৩০৬ ফ্লাইটের ২৫৯ জন যাত্রী। রাতে বিমানবন্দরে লাউঞ্জে রাখা হলেও শনিবার স্থানীয় সময় ভোর ৫টায় যাত্রীদের সরিয়ে নেওয়া হয় ওয়েটিং রুমে। সেখানে দীর্ঘ ভ্রমণক্লান্তি ও অব্যবস্থাপনার কারণে অসুস্থ হয়ে পড়েন একাধিক শিশু ও বয়স্ক যাত্রী। পরে বিমানবন্দরেই তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এর আগে, ভিসা জটিলতায় ইতালীয় কর্তৃপক্ষ অনুমতি না দেওয়ায় ১৭০ জন বাংলাদেশি পাসপোর্টধারীকে বিমানবন্দরেই রাত্রিযাপন করতে হয়। তবে দ্বৈত নাগরিকত্ব থাকা বাকি ৮০ জন আমেরিকান ও কানাডিয়ান পাসপোর্টধারীকে রাখা হয় হোটেলে। বাংলাদেশি যাত্রীদের জন্য পরবর্তীতে সকালের নাস্তা ও দুপুরের খাবারের ব্যবস্থা করে বিমান কর্তৃপক্ষ। এদিকে উড়োজাহাজের জটিল প্রযুক্তিগত ত্রুটি নিরসনে ঢাকা থেকে উদ্ধারকারী প্রকৌশলী দল পাঠানো হয়েছে।
প্রকৌশলী দল বিমানবন্দরে পৌঁছানোর পরই মূলত নিশ্চিত হওয়া যাবে কত দ্রুত উড়োজাহাজটি উড্ডয়নের উপযোগী হবে। তবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার অবসান ঘটিয়ে নিরাপদে নিজ দেশে ফেরার প্রহর গুনছেন রোম বিমানবন্দরে আটকে থাকা এই যাত্রীরা।
Comments