মালদ্বীপ সফরে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নান
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান চার দিনের ব্যক্তিগত সফরে মঙ্গলবার (২৮ জুলাই) মালদ্বীপে পৌঁছেছেন। তিনি ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে নির্বাচিত হয়ে বর্তমানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে নাসিরনগর উপজেলার প্রবাসী বাংলাদেশি, স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং মালদ্বীপ বিএনপির নেতারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি মুক্তার হোসেন, সহ-সভাপতি ইলিয়াস মিয়া, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুবদল নেতা ফরহাদ হোসেনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
সফরকালে এম এ হান্নান মালদ্বীপে বসবাসরত তার নির্বাচনী এলাকার প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি প্রবাসীদের সমস্যা, কল্যাণ ও এলাকার উন্নয়ন নিয়ে বিভিন্ন মতামত গ্রহণ করবেন বলে জানা গেছে।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের প্রবাসীরা নির্বাচনে তাকে বিপুল সমর্থন পোস্টাল ব্যালট এর মাধ্যমে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই মূলত এই ব্যক্তিগত সফর।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে প্রবর্তিত প্রবাসী কার্ড কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকার যোগ্য সব প্রবাসীকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দেশের অন্যান্য সংসদ সদস্যদেরও নিজ নিজ নির্বাচনী এলাকার প্রবাসীদের এই সুবিধার আওতায় আনার আহ্বান জানান।
এম এ হান্নান মালদ্বীপে অবস্থানরত নাসিরনগরের প্রবাসী বাংলাদেশিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়নে বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে অবদান রাখার জন্য তাদের প্রশংসা করেন।
Comments