মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেশটির সরকারের বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার (২৬ জুলাই) রাজধানী মালের মালদ্বীপ সেন্টার ফর সোশ্যাল এডুকেশন (MCSE)-এ অনুষ্ঠিত জাতীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর আমন্ত্রণে তিনি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সৌদি আরবের প্রিন্স ড. মনসুর বিন মুতাইব বিন আবদুলআজিজ আল সৌদ সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন।
রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর নেতৃত্বে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের এ রাষ্ট্রীয় অনুষ্ঠানে স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কূটনৈতিক কোরের সদস্য এবং বিভিন্ন দেশের উচ্চপদস্থ প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন রাষ্ট্রপতি মুইজ্জু।
বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্বকারী বিশেষ অতিথি হিসেবে ড. খলিলুর রহমানের উপস্থিতিকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। সফরকালে তিনি রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এসব বৈঠকে অভিবাসন ও প্রবাসী কল্যাণ, শিক্ষা, পর্যটন, স্বাস্থ্য, ব্লু ইকোনমি, বহুপাক্ষিক সহযোগিতা, সামুদ্রিক যোগাযোগ এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
তাঁর এ সরকারি সফরকে বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
Comments