ইতালিতে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা
ইতালির রাজধানী রোমে সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ, প্রবাসী বাংলাদেশি বিশ্বপরিব্রাজক ও কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর অতর্কিত হামলা হয়েছে। একদল যুবক তাকে ঘেরাও করে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটিসহ নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও তোলপাড় শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে রোমের বাঙালি অধ্যুষিত Torpignattara (তরপিনাতারা) এলাকার রাস্তায় বনি আমিনকে এক ব্যক্তি জড়িয়ে ধরে আক্রমণাত্মক আচরণ করছেন। তিনি নিজেকে ছাড়িয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে আক্রমণকারীরা তাকে ধাওয়া করে। একপর্যায়ে রাস্তায় পার্ক করা একটি গাড়ির সামনে ফেলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
ভিডিওর সংলাপে হামলাকারীদের স্পষ্ট আঞ্চলিক বাংলায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। আক্রমণকারীরা বনি আমিনকে বারবার "মৌলবাদী" বলে সম্বোধন করছিল এবং একে অপরকে হামলায় উস্কানি দিচ্ছিল।
হামলার সুনির্দিষ্ট কারণ ও হামলাকারীদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে জানা গেছে, মায়ের ইচ্ছেপূরণে ছোট ভাই জিলানীকে নিয়ে সম্প্রতি ইউরোপ সফরে বের হন বনি আমিন। সুইজারল্যান্ড, জার্মানি ও ফ্রান্স ঘুরে গত ১৮ জুলাই ইতালির ভেনিস এবং ১৯ জুলাই রোমে পৌঁছান তিনি। ইতালিতে অবস্থানকালে সামাজিক ও রাজনৈতিক বিষয়ে তার বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় কিছু প্রবাসী বাংলাদেশির সঙ্গে কথা-কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয় বলে সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে।
বাংলাদেশি বংশোদ্ভূত বনি আমিন মূলত অস্ট্রেলিয়ার নাগরিক। নোয়াখালীর হাতিয়া দ্বীপে জন্ম নেওয়া এই ভ্রমণপিপাসু বিশ্বের ৮০টিরও বেশি দেশ ঘুরেছেন। ফেসবুকে নিয়মিত নিজের ভ্রমণ অভিজ্ঞতা ও সমসাময়িক সামাজিক-রাজনৈতিক বিষয়ে মতামত প্রকাশ করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
বিদেশে অবস্থানরত একজন বাংলাদেশি ভ্রমণকারীর ওপর এমন হিংসাত্মক হামলার ভিডিও দেখে প্রবাসী ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ ও নেটিজেনরা এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে ইতালীয় আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
Comments