মালদ্বীপে বিএনপির কর্মী সমাবেশ : সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান
মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানিয়েছেন দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। তিনি বলেন, প্রবাসে দলের সাংগঠনিক ভিত্তিকে সুদৃঢ় করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসী নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।
বুধবার (১৫ জুলাই) রাজধানী মালের সি বিল্ডিংয়ের অডিটোরিয়ামে মালদ্বীপ বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন, সহসভাপতি মো. হোসেন সুমন, মো. সহ আলম, মো. ফারুক হোসেন, মো. এরশাদ মেল্লা, মো. আলমগীর মজুমদার, মো. বাবুল হোসেন, মো. আলতাফ হোসাইন ও মো. মুক্তার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম।
সমাবেশে মালদ্বীপ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সহসভাপতি ইমরান হোসেন তালুকদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলম।
বক্তারা বলেন, প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে দেশ, জাতি ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত হয়।
Comments