মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ড. নাজমুল ইসলামের ‘পাওয়ার অব বন্ডিং’ গ্রন্থ উপহার
বাংলাদেশ ও মালদ্বীপের শিক্ষা, গবেষণা এবং একাডেমিক কূটনীতির সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটি (এমএনইউ)-কে 'Power of Bonding and Non-Western Soft Power Strategy' শীর্ষক গ্রন্থ উপহার দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। বইটির লেখক মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।
এ উপলক্ষে মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমএনইউর উপাচার্য ড. আইশাথ শেহেনাজ আদম আনুষ্ঠানিকভাবে বইটি গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ড. নাজমুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার শুধু বই সংরক্ষণের স্থান নয়, বরং জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র। তিনি 'পাওয়ার অব বন্ডিং'-এর ধারণা তুলে ধরে বলেন, পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও জনগণের মধ্যে সম্পর্কই টেকসই আন্তর্জাতিক অংশীদারিত্বের ভিত্তি। বাংলাদেশ ও মালদ্বীপের বিদ্যমান সম্পর্ক এ ধারণার বাস্তব উদাহরণ বলেও তিনি উল্লেখ করেন।
তিনি দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, একাডেমিক সেমিনার, বৃত্তি কর্মসূচি এবং জলবায়ু পরিবর্তন, ব্লু ইকোনমি, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে এমএনইউর উপাচার্য ড. আইশাথ শেহেনাজ আদম বাংলাদেশের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। তিনি বইটিকে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের জন্য মূল্যবান সংযোজন হিসেবে উল্লেখ করে বলেন, এটি শিক্ষার্থী ও গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে কাজ করবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে শিক্ষা, গবেষণা, জ্ঞান বিনিময় এবং জনগণের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Comments