মালদ্বীপ প্রবাসীদের ৬ দফা দাবিতে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের কাছে স্মারকলিপি
মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, অধিকার সংরক্ষণ ও কল্যাণ নিশ্চিতকরণের দাবিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখা।
মঙ্গলবার (২৩ জুন) সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপিটি প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখার সভাপতি মো. আলমগীর সিকদার।
স্মারকলিপিতে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি কর্মী, পেশাজীবী ও উদ্যোক্তাদের দীর্ঘদিনের বিভিন্ন বাস্তব সমস্যার কথা তুলে ধরা হয় এবং সেগুলোর দ্রুত সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।
এতে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে মালদ্বীপীয় রুফিয়া (MVR) রেমিট্যান্স প্রেরণের সুবিধা সম্প্রসারণ, মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা বা প্রতিনিধি কার্যালয় স্থাপন, পাসপোর্ট নবায়ন ও সংশোধন ফি মালদ্বীপীয় রুফিয়ায় গ্রহণের ব্যবস্থা এবং বাংলাদেশি উদ্যোক্তাদের নিজ নামে ব্যবসা পরিচালনার সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।
এছাড়া মালদ্বীপের শ্রমবাজার পূর্ণাঙ্গভাবে পুনরায় চালু করা, অভিবাসন ব্যয় কমানো, চুক্তি অনুযায়ী বেতন-ভাতা ও শ্রম অধিকার নিশ্চিত করা এবং আটক, নির্যাতিত ও বিপদগ্রস্ত প্রবাসীদের দ্রুত আইনি সহায়তা ও প্রত্যাবাসনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রবাসীদের এসব যৌক্তিক দাবি বাস্তবায়িত হলে তাদের জীবনমানের উন্নয়নের পাশাপাশি দেশের রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী হবে। একই সঙ্গে প্রবাসীবান্ধব নীতি ও কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশিদের কল্যাণ ও মর্যাদা আরও সুসংহত হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
সংগঠনের নেতারা প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে বাংলাদেশ সরকারের সদয় দৃষ্টি ও দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন।
Comments