অভিযোগ-পরামর্শ শুনে দ্রুত সমাধানের আশ্বাস হাইকমিশনারের
মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ষান্মাসিক গণশুনানি ও মতবিনিময় সভা হয়েছে। প্রবাসীদের অভিযোগ, পরামর্শ ও প্রত্যাশা সরাসরি শুনে দ্রুত ও কার্যকর সমাধানের আশ্বাস দিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।
রবিবার (২১ জুন) বাংলাদেশ হাইকমিশনের হলরুমে ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়কালের কার্যক্রম পর্যালোচনা উপলক্ষে ষান্মাসিক গণশুনানি ও মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্লাহ এবং তৃতীয় সচিব সৈয়দ আমজাদ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাইকমিশনের কনস্যুলার সহকারী মো. ইবাদ উল্লাহ।
সভায় বৈধ অভিবাসন, কর্মসংস্থান, শ্রমিক অধিকার, প্রবাসী কল্যাণ, কনস্যুলার সেবার মানোন্নয়ন এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রবাসীরা তাদের অভিজ্ঞতা, অভিযোগ ও বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।
হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, প্রবাসীদের কল্যাণ ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। তিনি প্রবাসীদের বক্তব্য মনোযোগ সহকারে শুনে সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
সভায় মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সহ-সভাপতি মো. মোক্তার হোসেন ও মো. ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলম, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের প্রতিনিধি মো. দিদারুল আলম ভুঁইয়াসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
প্রবাসীদের সমস্যা সমাধান, সেবার মানোন্নয়ন এবং বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে হাইকমিশনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। তারা নিয়মিত এ ধরনের গণশুনানি ও মতবিনিময় সভা আয়োজনেরও দাবি জানান।
Comments