ইতালিতে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বাংলাদেশি শিশু আইশা মুন্সীর গৌরবোজ্জ্বল সাফল্য
ইতালিতে বেড়ে ওঠা বাংলাদেশি প্রজন্মের মেধাবী মুখ আইশা মুন্সী এক অনন্য কৃতিত্ব অর্জন করেছে। সারা ইতালির শিশুদের নিয়ে আয়োজিত দীর্ঘ তিন মাসব্যাপী এক কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় আইশা দ্বিতীয় স্থান অধিকার করে দেশের নাম উজ্জ্বল করেছে।
রোম শহরের অত্তাভিয়ানো এলাকায় বসবাসরত আইশা মুন্সী তার অসামান্য বাচনভঙ্গি এবং শৈল্পিক উপস্থাপনার মাধ্যমে বিচারকদের মুগ্ধ করেছে। সোমবার (১১ মে) প্রতিযোগিতার জমকালো ফলাফল ঘোষণা অনুষ্ঠানে তার এই অর্জনের কথা জানানো হয়।
আইশা মুন্সী কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ গ্রামের কৃতি সন্তান মোঃ হাবিবুর রহমান মুন্সীর কন্যা। বর্তমানে সপরিবারে তারা ইতালির রোমে বসবাস করছেন।
আইশার এই সাফল্যে ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে বইছে আনন্দের জোয়ার। প্রবাসীরা বলছেন, ভিনদেশের মাটিতে নিজেদের ভাষা ও সংস্কৃতির এমন চর্চা এবং জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বড় অনুপ্রেরণা।
আইশার বাবা মোঃ হাবিবুর রহমান মুন্সী তার মেয়ের এই সাফল্যে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের দোয়া চেয়েছেন।
Comments