সোশ্যাল মিডিয়ায় গুজব না ছড়ানোর আহবান দুবাইয়ের সাংবাদিক নেতৃবৃন্দের
সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সমন্বয়ে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দুবাইয়ের দেরার একটি স্থানীয় রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমিরাতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং বিশিষ্ট কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তারা, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নানা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে, যা প্রবাসীদের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভিত্তিহীন সংবাদ বা গুজব না ছড়ানোর আহ্বান জানান তারা।
একইসাথে, আমিরাত সরকারের নির্ধারিত প্রতিটি আইন ও নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার জন্য প্রবাসীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে হলে স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা সাংবাদিক ও সাধারণ প্রবাসীদের একান্ত দায়িত্ব।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র কমিউনিটি নেতা প্রকৌশলী মুহাম্মদ সালাউদ্দীন,সময় টেলিভিশনের শিবলী আল সাদিক, ডিবিসি টেলিভিশনের সাইফুল তালুকদার, দৈনিক সূর্যোদয় নাসিম উদ্দিন আকাশ, ঢাকা জার্নাল- দৈনিক ইত্তেফাক ও সিপ্লাস টিভির এস এম ফয়জুল্লাহ শহিদ, দৈনিক দেশ বার্তা সম্পাদক লায়ন মোঃ আবু ছালেহ্, গাজী টেলিভিশন ফখরুদ্দীন মুন্না, বাংলাদেশ প্রতিদিন ও নাগরিক টিভি জাসেদুল ইসলাম, বায়ান্ন টিভি ওবায়দুল্লাহ মানিক, বঙ্গ টিভি মুহাম্মদ সেলিমসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।
Comments