জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে ইতালি থেকে ফের রেমিটেন্স শাটডাউন এর হুঁশিয়ারি
জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি করা হলে পুনরায় রেমিটেন্স বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি ডায়েস্পোরা অ্যালায়েন্স ইতালি। রবিবার (১৫ মার্চ) ইতালিতে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তারা এই হুঁশিয়ারি করেন। এদিন একযোগে ইতালির ৫টি শহরে ইফতার মাহফিল এর আয়োজন করে সংগঠনটি।
সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ রাসেল তার বক্তব্যে বলেন, ২৪-এর আন্দোলনে প্রবাসীদের ভূমিকা ছিল অনস্বীকার্য। প্রবাসীরা যখন রেমিটেন্স শাটডাউনের ডাক দিয়েছিল, তখন তৎকালীন সরকার দিশেহারা হয়ে পড়েছিল এবং শেষ পর্যন্ত ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই কেবল চব্বিশের আন্দোলনে প্রবাসীদের ত্যাগের স্বীকৃতি এবং তাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এই দাবি আদায়ে প্রবাসীরা বিন্দুমাত্র ছাড় দেবে না।
এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব সালাউদ্দিন আকন, যুগ্ম সদস্য সচিব নাহিদ ইবনে জিহাদ, সিনিয়র সদস্য শেখ তরিকুল ইসলাম, যুব সচিব মোঃ মেহেদী হাসান, আঞ্চলিক সংগঠক শাহরিয়ার বিন জেবিন আমিন, কার্যনির্বাহী সদস্য মোজাদ্দেদ আল মামুন অলি, কার্যনির্বাহী সদস্য নুর হোসেন সৈকত, আশরাফ আহমেদ, মাহমুদুল হাসান রিয়াদ সহ সংগঠনের অনান্য নেতারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, যদি প্রবাসীদের এসব দাবি অবজ্ঞা করা হয়, তবে ইতালি প্রবাসীরা আবারো ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচির ডাক দেবে।
Comments