প্রবাসী অধিকার পরিষদের উদ্যোগে মালদ্বীপে ইফতার ও দোয়া মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখা। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানী মালেতে অনুষ্ঠিত এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আলমগীর সিকদার। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক (ভিপি নূর)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও জসিম উদ্দীন, কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ ও ময়নাল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সহ-সভাপতি মো. ফারুক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার লিমিটেডের সিইও মাসুদুর রহমানসহ বিভিন্ন সামাজিক ও কমিউনিটির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রবাস জীবনে এ ধরনের মিলনমেলা প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে। একই সঙ্গে প্রবাসীদের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মানবতার শান্তি এবং মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Comments