মালদ্বীপে বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
মালদ্বীপে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে এক আন্তরিক ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। সোমবার (৯ মার্চ) রাজধানী মালের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকরা অংশ নেন।
প্রবাসে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশি কমিউনিটির সঙ্গে গণমাধ্যম কর্মীদের সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে এই আয়োজন করে সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিকেশন অব বাংলাদেশ (কব)-এর চেয়ারম্যান এবং এসএসপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক মজনু। প্রধান অতিথি ছিলেন মালদ্বীপ বিএনপি'র সভাপতি মোঃ খলিলুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ান নিউজ বিডির মালদ্বীপ প্রতিনিধি রবিউল আলম।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ। এছাড়া বিএনপি মালদ্বীপ শাখার সহ-সভাপতি মো. ফারুক ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডা. কে এম হুরিয়া পারভীন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার শরিফুল ইসলাম এবং স্টেশন ম্যানেজার জাহিদুল ইসলামসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মালদ্বীপে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের প্রতিনিধি মো. ওমর ফারুক খোন্দকার, বাংলা টিভির প্রতিনিধি সোহেল রানা, আলোকিত প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আবদুল মান্নান, আমাদের বসুন্ধরার প্রতিনিধি আবু জাহের এবং গণকণ্ঠের প্রতিনিধি আনোয়ার হোসেন রাজু। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন নিউজ টুয়েন্টি ফোরের প্রতিনিধি এমরান হোসেন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে অংশ নেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক সদস্য ড. মো. আনোয়ারুজ্জামান আজাদ, ডা. মো. তজদিকুর রহমান ও ডা. ইসরাত জাহান আলো, ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার লিমিটেডের সিইও মাসুদুর রহমান, সাবেক এনবিএল কর্মকর্তা মো. কাশেদুল হকসহ কমিউনিটির আরও অনেকে।
বক্তারা বলেন, প্রবাসে কর্মরত সাংবাদিকরা দেশের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। তাদের সংবাদ পরিবেশন প্রবাসী সমাজের নানা ইতিবাচক কর্মকাণ্ড দেশবাসীর সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা প্রবাসে ঐক্য ও পেশাগত সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শেষে দেশ, জাতি ও সমগ্র বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
Comments