মালদ্বীপে প্রবাসীদের ঐক্য ও সম্প্রীতি জোরদারে ঢাকা ট্রেডার্স-এর ইফতার মাহফিল
মালদ্বীপের রাজধানী মালের লুনজিয়ারা পার্কে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকা ট্রেডার্স। শুক্রবার (৬ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে শত শত প্রবাসী বাংলাদেশির পাশাপাশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোঃ নাজমুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমানসহ কমিউনিটির আরও অনেক নেতৃস্থানীয় ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় ঢাকা ট্রেডার্সের কর্ণধার বাবুল হোসেন বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের একত্রিত করা এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যেই প্রতিবছরের ন্যায় এ ধরনের ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তিনি বলেন, এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও প্রবাসীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Comments