মালদ্বীপে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানী মালেতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের হলরুমে এক আলোচনা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ড. মো. নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ থেকে আসা স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসাইন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. মাসুম বিল্লাহ্। পরে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হাই কমিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাই কমিশনের কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ।
ড. মো. নাজমুল ইসলাম বলেন, দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গর্ব স্বদেশ"—এই প্রতিপাদ্যকে ধারণ করেই প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পারলে বিদেশে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ যেমন বাড়বে, তেমনি রেমিটেন্স প্রবাহ আরও শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, প্রবাসীদের কল্যাণ, অধিকার সুরক্ষা ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ সরকার বহুমুখী ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে। বিদেশে কর্মরত বাংলাদেশিদের আইনগত সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনা সভার এক পর্যায়ে মালদ্বীপে প্রবাসীদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে মালদ্বীপ রেড ক্রিসেন্ট ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মালদ্বীপ রেড ক্রিসেন্টের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট হুদ ইব্রাহিম এবং ট্রেজারার ইয়াশা শরিফ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সংস্থাটির রিপ্রেজেনটেটিভ জনাবা উরাইবা আসিফ।
এছাড়াও দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে বাংলাদেশি শ্রমিক নিয়োগ ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠান মালিক ইসহাক মুসাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন প্রতিনিধিরা প্রবাস জীবনের বাস্তব অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। আলোচনা শেষে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের অবদান ও ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এ সময় হাই কমিশনের পক্ষ থেকে সাংবাদিক ফোরাম মালদ্বীপের সভাপতি ও নিউজ ২৪-এর মালদ্বীপ প্রতিনিধি ইমরান হোসেন তালুকদার এবং সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি ওমর ফারুক খন্দকার-কে প্রবাসে বাংলাদেশি কমিউনিটি ও গণমাধ্যমে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রত্যয়নপত্র প্রদান করা হয়।
উল্লেখ্য, প্রতিবছর ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং একই দিনে জাতীয় প্রবাসী দিবস পালনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের অবদান ও ত্যাগকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করা হয়।
Comments