দুবাই বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন
স্বাধীনতার অমিয় স্বাদ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতিটি দেশ তার বিজয়কে উৎযাপন করতে চাই নিজের মতো করে, নিরাপত্তার স্বার্থে গণজমায়তে অনুৎসাহীকরণ আইনের প্রতি শ্রদ্ধা রেখে ছোট্ট পরিসরে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই-এর উদ্যোগে গৌরবময় ৫৪ তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে কনসুলেট প্রাঙ্গণে।
১৬ ডিসেম্বর মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে এ মহান বিজয় দিবস উদযাপন করা হয়। সকাল ৮ টায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতারা ও কনস্যুলেট কর্মকর্তাদের নিয়ে কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। এরপর দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৭টায় কনস্যুলেট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে দিবসটি উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণি পাঠ করে শোনানো হয়।
লেবার উইংস মোহাম্মদ আবদুস সালাম ও প্রথম সচিব প্রেস আরিফুর রহমান এর সঞ্চালনায় কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে গৌরবময় বিজয় অর্জনের ৫৪ তম বছরকে সামনে রেখে বক্তারা তাদের প্রাণবন্ত আলোচনা তুলে ধরেন।
তারা বলেন : লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি এই স্বাধীনতাকে ছিনিয়ে নিতে নানামুখী ষড়যন্ত্র অতীতেও ছিল এখনো তা আরো বেশি পরিকল্পিতভাবে সংঘটিত হচ্ছে, যার তাজা উদাহরণ তরুণ তুর্কী শরীফ ওসমান হাদির মতো আধিপত্যবাদ বিরোধী দেশপ্রেমিক নেতাদের জীবন কেড়ে নেওয়ার চেষ্টা। শহীদদের দেশপ্রেমিক তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নে বিজয়ের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধের আদর্শে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে উন্নত ও সমৃদ্ধশালী করতে হবে পৃথিবীর প্রতিটি অঞ্চল থেকে। দেশ-বিদেশে যে যেখানেই থাকি না কেন সবাই যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে কাজ করার পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি-ঐতিহ্য তুলে ধরারও আহবান জানান বক্তারা।
শেষে কনসুলেট পরিবারের সদস্যদের নিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Comments