ঠাকুরগাঁওয়ে প্রেসক্লাবের মালামাল চুরি, সাধারণ সম্পাদক বহিষ্কার
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উপজেলা প্রেসক্লাবের নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও অপকর্মে জড়িত থাকার অভিযোগে খায়রুল নামে এক ব্যক্তিকে সংগঠনের সকল সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ রানা।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, পূর্বে উপজেলা প্রেসক্লাবের কমিটিতে সাধারণ সম্পাদক পদে খায়রুল ইসলাম নামে এক ব্যক্তি দায়িত্ব পালন করেন। পরবর্তীতে রাণীশংকৈল মুক্তাপাড়ায় অবস্থিত উপজেলা প্রেসক্লাবের অফিস কক্ষ থেকে গোপনে নগদ টাকা, একটি কম্পিউটার সেট, সনি ভিডিও ক্যামেরা ও একটি মিনি ক্যামেরাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ বিষয়ে ঠাকুরগাঁও আদালতে একটি মামলা করা হয়েছে খাইরুল ইসলামের বিরুদ্ধে।
লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, খায়রুলের কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকলেও দীর্ঘদিন ধরে হোটেলের বয় ও নাপিতের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পরবর্তীতে ২০১৯ সালে উমরাডাঙ্গী বাজারে ২১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের হাতে আটক হয়ে দীর্ঘদিন কারাভোগ করেন বলেও এতে উল্লেখ করা হয়েছে। পরে হোমিওপ্যাথি ওষুধ বিক্রির পাশাপাশি গাঁজা ও ফেনসিডিলের ইয়াবা ট্যাবলেটের মতো মাদক বিক্রির অভিযোগও তোলা হয়েছে।
এছাড়া ২০২৫ সালে খায়রুল নামে এই ব্যক্তি অনলাইন পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করতেন বলেও অভিযোগ করা হয়েছে। লিখিত বক্তব্যে বলা হয়, উপজেলা প্রেসক্লাব-১ নামে একটি ক্লাব গঠন করে ব্যক্তিগত সুবিধা না পাওয়ায় কয়েক মাসের মধ্যেই সেটি বিলুপ্ত ঘোষণা করেন তিনি।
বর্তমান উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মাসুদ রানার নেতৃত্বে উপজেলা প্রেসক্লাব গঠনের দুই মাসের মধ্যে ওই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে বলে লিখিত বক্তব্যে দাবি করা হয়েছে।
এদিকে গত ২৩ আগস্ট প্রেসক্লাবের জরুরি কার্যনির্বাহী কমিটির সভায় ওই ব্যক্তিকে উপজেলা প্রেসক্লাবের সব ধরনের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ রানা সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন, বহিষ্কৃত ব্যক্তি যদি ভবিষ্যতে নিজেকে উপজেলা প্রেসক্লাবের সভাপতি বা সম্পাদক পরিচয় দিয়ে কোনো কর্মকাণ্ড করেন, তাহলে বিষয়টি প্রশাসন ও সংশ্লিষ্টদের অবহিত করার জন্য অনুরোধ করেছেন।
Comments