লস অ্যাঞ্জেলেসের ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান
যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুম বা লকার রুমে একটি হাতে লেখা বিশেষ চিঠি রেখে গেছে ইরান ফুটবল দল। মার্কিন কর্মকর্তাদের বেঁধে দেওয়া কঠোর নিয়ম মেনে খেলা শেষ হওয়ার পরপরই তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্র ছাড়তে হয় তাদের। তবে যাওয়ার আগে ভেন্যু কর্তৃপক্ষ ও ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা, শান্তি এবং নিজস্ব ইতিহাসের গৌরবগাথা সমৃদ্ধ একটি আবেগঘন বার্তা রেখে গেছে পারস্যের প্রতিনিধিরা। পরে সেই চিঠির একটি ছবি প্রকাশ করেছে ইরান ফুটবল ফেডারেশন।
হাতে লেখা ওই চিঠিতে ইরানি ফুটবল দল তাদের হাজার বছরের গৌরবময় ইতিহাসকে স্মরণ করে লিখেছে, "হাজারও বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত—ইরানের চেতনা সবসময় জীবন্ত ও অটুট রয়েছে।"
লস অ্যাঞ্জেলেসের আতিথেয়তার প্রশংসা করে চিঠিতে বলা হয়, "ধন্যবাদ লস অ্যাঞ্জেলেস, আপনাদের আতিথেয়তার জন্য। আমরা লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম গর্ব নিয়ে, মাঠের লড়াইয়ে সম্মানের সঙ্গে লড়েছি এবং এখন মাথা উঁচু করে মর্যাদা নিয়ে মাঠ ছেড়ে যাচ্ছি।"
সমর্থকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি বৈশ্বিক শান্তি ও বন্ধুত্বের একটি সূক্ষ্ম অথচ শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে এই চিঠিতে। তারা লিখেছে, "প্রত্যেক ইরানিয়ানকে ধন্যবাদ, যারা তাদের হৃদয়ের গভীর থেকে এবং পুরো প্রাণ দিয়ে ১৮০ মিনিট আমাদের সমর্থন জুগিয়েছেন। পৃথিবীর প্রত্যেকটি দেশের মাঝে শান্তি, সম্মান এবং চিরন্তন বন্ধুত্ব বজায় থাকুক।"
তবে চিঠির সাধারণ বার্তার বাইরেও একটি কৌতূহলোদ্দীপক বিষয় নজর কেড়েছে সবার। সেখানে লাল কালি দিয়ে '৭৬৮' এবং 'মিনাব' শব্দ দুটি বিশেষভাবে উল্লেখ করেছে ইরান দল, যা নিয়ে ইতিমধ্যেই ক্রীড়ামোদীদের মাঝে বেশ রহস্য ও গুঞ্জন তৈরি হয়েছে।
Comments