বিচ্ছেদের পোস্ট সরিয়ে ফেললেন ন্যানসি, নতুন পোস্টে কী বার্তা দিলেন?
সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বামী মহসীন মেহেদীর সঙ্গে আলাদা হওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিজের ফেসবুক পেজ থেকে সেই পোস্ট সরিয়ে নিয়েছেন এই গায়িকা।
গত বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ন্যানসি জানান, তিনি ও তাঁর স্বামী মহসীন মেহেদী আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে পেজে গিয়ে আর সেই ঘোষণাটি দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় পোস্টটি মুছে ফেলেছেন তিনি। যদিও এ বিষয়ে ন্যানসির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
বিচ্ছেদের পোস্ট সরিয়ে নেওয়ার পর বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেজে বাগানবিলাস ফুলের একটি ছবি প্রকাশ করেন ন্যানসি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, 'কী সুন্দর! কী সুন্দর! আমার এমন আরো চাই।'
অথচ এর মাত্র দুই সপ্তাহ আগেও স্বামী মেহেদীর সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি শেয়ার করেছিলেন ন্যানসি। সেই পোস্টে ভালোবাসার কথাও প্রকাশ করেছিলেন তিনি। ফলে হঠাৎ বিচ্ছেদের ঘোষণা এবং পরবর্তী সময়ে পোস্ট সরিয়ে নেওয়ার ঘটনা ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
বিচ্ছেদের ঘোষণায় ন্যানসি লিখেছিলেন, দীর্ঘদিনের একসঙ্গে পথচলা ও অসংখ্য স্মৃতির পর তাঁরা দুজন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের সম্পর্কের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।
একই সঙ্গে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানোর অনুরোধ করেন গায়িকা। জীবনের নতুন অধ্যায় শক্তি, মর্যাদা ও মানসিক প্রশান্তির সঙ্গে শুরু করার প্রত্যাশাও ব্যক্ত করেছিলেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে মহসীন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যানসি। পরের বছর জুনে তাঁদের ঘরে জন্ম নেয় এক কন্যাসন্তান।
এর আগে আরও দুটি বিয়ে হয়েছিল এই সংগীতশিল্পীর। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন তিনি। সেই সংসারে জন্ম নেয় কন্যা রোদেলা। ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরবর্তী সময়ে ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যানসি। দ্বিতীয় সংসারেও এক কন্যাসন্তানের মা হন তিনি। ২০২১ সালে ওই সংসারের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে।
Comments