‘রইদ’ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আরও এক স্বীকৃতি নাজিফা তুষির
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আরও একটি সাফল্য অর্জন করলেন বাংলাদেশের অভিনেত্রী নাজিফা তুষি। 'রইদ' সিনেমায় অভিনয়ের জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১২তম এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। ২০২৬ সালের স্নো লেপার্ড অ্যাওয়ার্ডের এই স্বীকৃতির খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী।
পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করে নাজিফা তুষি জানান, এই অর্জনে তিনি ভীষণ আনন্দিত ও সম্মানিত বোধ করছেন। আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য 'রইদ' নির্বাচিত হওয়ার পর থেকেই পুরো দলের মধ্যে উচ্ছ্বাস কাজ করছিল।
অভিনেত্রীর ভাষ্য, এশিয়ার মানসম্মত ও মৌলিক গল্পগুলো হলিউডসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকদের সামনে তুলে ধরার যে আয়োজন, সেখানে অংশ নিতে পারা তাঁদের জন্য বিশেষ সম্মানের। তাঁর মতে, উৎসবে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশের ভালো কাজ তুলে ধরতে পেরেছেন তাঁরা।
এই অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান তুষি। পাশাপাশি সব সময় পাশে থাকা পরিবারের সদস্য এবং ভালোবাসা, দোয়া ও সমর্থন দিয়ে যাওয়া ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পুরস্কারটি শুধু নিজের নয়, বরং 'রইদ' সিনেমার পুরো দলের অর্জন বলে উল্লেখ করেছেন অভিনেত্রী। সিনেমাটি নির্মাণ থেকে শুরু করে আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার পেছনে যুক্ত সব শিল্পী ও কলাকুশলীর অবদান রয়েছে বলেও জানান তিনি।
এর আগে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একাধিক স্বীকৃতি পেয়েছে 'রইদ'। গত অক্টোবরের প্রথম সপ্তাহে কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটি তিনটি বিভাগে পুরস্কার অর্জন করে। সেরা অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীত বিভাগে স্বীকৃতি পায় ছবিটি।
'রইদ' সিনেমায় নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে। গত কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যবসায়িকভাবেও সাফল্য অর্জন করে।
Comments