১৪ নভেম্বর আসছে দোয়েল টেলস-এর 'আমাদের আপনজন'
ব্যস্ত নগরজীবনে ভালোবাসা, দাম্পত্য এবং পারিবারিক দায়িত্বের সমীকরণে প্রতিনিয়ত বদলে যায় সম্পর্কের গল্প। নিজেদের মতো করে সাজানো এক সংসারে হঠাৎ অন্য সদস্যদের আগমন কীভাবে চেনা জীবনকে বদলে দিতে পারে—এই বাস্তবতা নিয়েই নির্মিত হয়েছে দোয়েল-এর নতুন নিবেদন দোয়েল টেলস 'আমাদের আপনজন'। আগামী ১৪ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে এই পারিবারিক ফিকশনটি।
পথিক সাধনের পরিচালনায় পারিবারিক সম্পর্কের বাস্তব ও আবেগী টানাপোড়েন নিয়ে তৈরি হয়েছে নাটকটি। এতে তানভীর ও পারু চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও পারসা ইভানা। নাটকটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রবীণ অভিনেত্রী দিলারা জামান ও সুষমা সরকার।
গল্পের প্রেক্ষাপটে দেখা যাবে, তানভীর ও পারুর পরিপাটি সংসারে গ্রাম থেকে হঠাৎ বাবা, দাদি ও ফুফুর আগমনের পর থেকেই শুরু হয় নানা মানসিক ও পারিবারিক টানাপোড়েন। দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনা, প্রত্যাশা, অভিমান এবং ভুল বোঝাবুঝি ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব তৈরি করতে থাকে। একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে গিয়ে নেওয়া হয় একটি অভিনব পরিকল্পনা, যা তাদের সম্পর্ককে এক নতুন সংকটের মুখোমুখি করে তোলে।
পারিবারিক সম্পর্কের বাস্তবতা, দাম্পত্যের গভীর বোঝাপড়া আর ভালোবাসার বিচিত্র সমীকরণের এই গল্পটি দর্শকরা আগামী ১৪ নভেম্বর থেকে উপভোগ করতে পারবেন।
Comments