পারশাকে বিয়ে করার কথা স্বীকার: গোপনীয়তার কারণ জানালেন আসাদ নূর
সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে বিয়ের গুঞ্জনের অবসান ঘটিয়েছেন আলোচিত ব্লগার আসাদ নূর। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা আলোচনা চললেও এতদিন বিষয়টি নিশ্চিত করা হয়নি। অবশেষে নিজের ইউটিউব চ্যানেলে লাইভে এসে পারশাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে লাইভ সম্প্রচারে এসে বিয়ের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি কেন এতদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল, তারও ব্যাখ্যা দেন আসাদ নূর।
লাইভে আসাদ নূর জানান, পরিকল্পিতভাবেই তাদের বিয়ের খবরটি কিছুদিন গোপন রাখা হয়েছিল। সমাজের প্রচলিত কিছু ট্যাবু ভাঙা এবং ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অতিরিক্ত কৌতূহল ও প্রতিক্রিয়া কেমন হয়, তা পর্যবেক্ষণ করাই ছিল এর মূল উদ্দেশ্য।
তিনি আরও জানান, ইচ্ছাকৃতভাবেই ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করা, পোশাকে মিল রাখা কিংবা ছবির অংশবিশেষ প্রকাশ করার মতো কিছু ছোট ছোট ইঙ্গিত দেওয়া হয়েছিল। মানুষ এসব কীভাবে গ্রহণ করে এবং কীভাবে প্রতিক্রিয়া জানায়, তা তারা খেয়াল করছিলেন। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, এই উদ্যোগের পেছনে ধর্মীয় উগ্রতা ও উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসীদের প্রচলিত চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ জানানোর একটি উদ্দেশ্যও ছিল।
পারশার পরিবার ও জুলাই আন্দোলনের প্রসঙ্গ
লাইভে পারশার পারিবারিক ব্যাকগ্রাউন্ড তুলে ধরে আসাদ নূর জানান, পারশা তার পরিবারের একমাত্র সন্তান। তার বাবা শিক্ষক ও অধ্যাপক ছিলেন। একটি সংস্কৃতিমনা পরিবারে বেড়ে ওঠা পারশার ক্যারিয়ার, যোগ্যতা এবং অর্জনের প্রতি পূর্ণ সম্মান রয়েছে তার।
এ সময় পারশাকে নিয়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগও কঠোরভাবে অস্বীকার করেন আসাদ নূর। তিনি দাবি করেন, তারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন না। বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে কোনো ধরনের অর্থ বা অনুদান নেওয়ার অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পারশার সক্রিয় ভূমিকার কথা স্মরণ করে তাকে আন্দোলনের অন্যতম 'পোস্টার গার্ল' হিসেবে উল্লেখ করেন তিনি। আন্দোলনের সময় আলোচিত 'চলো ভুলে যাই' গানেও পারশার গুরুত্বপূর্ণ অবদান ছিল বলে জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অপব্যবহার করে পারশাকে নিয়ে তৈরি বিভিন্ন আপত্তিকর ছবি, ট্রল ও অপপ্রচারের তীব্র সমালোচনা করেন আসাদ নূর। নারীদের ব্যক্তিগত মর্যাদা এবং সামাজিক সম্মান রক্ষার্থে এ ধরনের সাইবার বুলিং ও মানসিক হয়রানি বন্ধের জোরালো আহ্বান জানান তিনি।
Comments