বিদেশি শিল্পীদের পেছনে কোটি কোটি টাকা, দেশি শিল্পীদের জন্য নয় কেন: অনি হাসান
বাংলাদেশে বিদেশি শিল্পীদের নিয়ে বড় আয়োজনের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। এসব শিল্পীকে আনতে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ধরনের বিশেষ সুবিধাও দেওয়া হয়। অথচ দেশের মেধাবী ও জনপ্রিয় শিল্পীরা পর্যাপ্ত শো বা পরিবেশনার সুযোগ না পেয়ে চরম হতাশা ও নিরুৎসাহের শিকার হচ্ছেন। আয়োজকদের এই বিদেশিপ্রীতি ও দেশীয় শিল্পীদের প্রতি দীর্ঘদিনের উদাসীনতা নিয়ে এবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজের সাবেক গিটারিস্ট অনি হাসান।
সম্প্রতি পাকিস্তান ও ভারতের বেশ কয়েকজন শিল্পী ও ব্যান্ডকে বিশাল অংকের সম্মানীর বিনিময়ে বাংলাদেশে আনার উদ্যোগ নিয়েছিল বিভিন্ন ইভেন্ট আয়োজনকারী প্রতিষ্ঠান। এর মধ্যে কিছু কনসার্ট অনুষ্ঠিত হলেও শেষ মুহূর্তে কিছু অনুষ্ঠান স্থগিত করা হয়। এই অনুষ্ঠানগুলোতে দেশীয় শিল্পীদেরও পারফর্ম করার কথা ছিল।
বিদেশি শিল্পীদের পেছনে অন্ধ আনুগত্য এবং একই সময়ে দেশের শিল্পীদের সুযোগবঞ্চিত রাখার বিষয়টিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বর্তমানে চীনে বসবাসরত এই সংগীতশিল্পী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে অনি হাসান প্রশ্ন রেখে বলেন, 'আয়োজকেরা কোটি কোটি টাকা খরচ করে বিদেশি শিল্পীদের দেশে আনতে পারেন, অথচ সেই অর্থ দিয়ে দেশের মেধাবী শিল্পীদের নিয়ে বড় কোনো আয়োজন বা মানসম্মত প্রযোজনা করা হচ্ছে না কেন?'
তিনি আরও যোগ করেন, 'বাইরের শিল্পীদের এভাবে মাত্রাতিরিক্ত প্রচার ও সুযোগ দেওয়ায় আমাদের দেশের সংগীতাঙ্গনের মোটের ওপর লাভটা কী হচ্ছে?'
দেশের তরুণ ও গুণী শিল্পীদের মূল্যায়ন করার পরামর্শ দিয়ে তিনি লিখেছেন, 'আমরা কি ওই অর্থ দেশের শিল্পীদের পেছনে বিনিয়োগ করে ভালো কোনো মিউজিক্যাল প্রজেক্ট, বড় কনসার্ট বা মানসম্মত আয়োজন করতে পারি না? এতে যেমন আমাদের শিল্পীরা বড় পরিসরে কাজ করার সুযোগ পাবেন, তেমনি দেশের পুরো সংগীতাঙ্গন আরও সমৃদ্ধ হয়ে উঠবে।'
উল্লেখ্য, কিশোর বয়সে মাত্র ১৮ বছর বয়সে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেছিলেন অনি হাসান। ক্যারিয়ারের শুরুতে জনপ্রিয় 'ভাইব' ব্যান্ডের সঙ্গে গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন তিনি। পরবর্তীতে 'ভাইব' ভেঙে গেলে তিনি দেশের অন্যতম শীর্ষ রক ব্যান্ড 'ওয়ারফেজ'-এ যোগ দেন। উচ্চশিক্ষার জন্য ২০১১ সালে দেশ ছাড়েন এই শিল্পী। বর্তমানে তিনি চীনে থিতু হয়েছেন এবং সেখানেই পরিবার নিয়ে বসবাস করছেন। প্রায় এক যুগ আগে শেষবার ওয়ারফেজের সঙ্গে ঢাকার মঞ্চে পারফর্ম করতে দেখা গিয়েছিল তাঁকে।
Comments