শাহরুখ-আলিয়া-রণবীরের দারুণ কেমিস্ট্রি, বিজ্ঞাপন ঘিরে ভক্তদের নতুন দাবি
বলিউডের তিন জনপ্রিয় তারকা শাহরুখ খান, আলিয়া ভাট ও রণবীর কাপুরকে একই সিনেমায় দেখার আগ্রহ দীর্ঘদিনের ভক্তদের। এবার বড় পর্দায় নয়, একটি নতুন বিজ্ঞাপনে এক ফ্রেমে হাজির হয়েছেন এই তিন তারকা। আর বিজ্ঞাপন প্রকাশের পরই তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রুংটা স্টিলের নতুন বিজ্ঞাপনে একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ, আলিয়া ও রণবীর। বিজ্ঞাপনটির শুরুতে অভিনেতা বিজেন্দ্র কালা তিন তারকাকে নিয়ে একটি মজার পরিকল্পনা করেন। সেখানে অক্ষয় কুমারের জনপ্রিয় 'হুক্কা বার' গানের সঙ্গে তিনজনকে নাচানোর কথা বলা হয়।
তবে প্রস্তাবটি কারও কাছেই খুব একটা পছন্দ হয় না। এরপর তিন তারকাই নিজেদের অভিনীত সিনেমার গল্প ও জনপ্রিয় সংলাপের আদলে বিজ্ঞাপনের বিভিন্ন ধারণা তুলে ধরতে থাকেন।
শাহরুখ খান প্রথমে তার জনপ্রিয় 'ডন' চরিত্রের প্রসঙ্গ টেনে একটি আইডিয়া দেন। তার প্রস্তাবে বলা হয়, ১২ দেশের পুলিশ ডনকে ঘিরে ফেললেও রুংটা টিএমটি বারে তৈরি বাড়ি ভাঙতে পারবে না।
শাহরুখের আইডিয়ার পর রণবীর কাপুর মজার ছলে জানান, এমন বিজ্ঞাপন সহ্য করা সহজ নয়, বরং অসম্ভব। এরপর নিজের 'রকস্টার' সিনেমার আদলে একটি বিজ্ঞাপনের গল্প তুলে ধরেন তিনি।
পরে নিজের সিনেমা 'জিগরা'র প্রসঙ্গ নিয়ে বিজ্ঞাপনের একটি ধারণা দেন আলিয়া ভাটও। তার গল্পে এক তরুণীর ভাই কারাগারে বন্দি। কিন্তু সেই কারাগার টিএমটি বারে তৈরি হওয়ায় সেটি ভাঙতে ব্যর্থ হয় মেয়েটি।
আলিয়ার এই গল্প শুনে শাহরুখও রসিকতা করতে ছাড়েননি। 'জিগরা' শব্দটি ব্যবহার করে তিনি মজা করে বলেন, এই দৃশ্য দেখার মতো সাহস বা 'জিগরা' কারও নেই।
শেষ পর্যন্ত অবশ্য তিন তারকাকেই দেখা যায় অক্ষয় কুমারের 'হুক্কা বার' গানের তালে নাচতে।
বিজ্ঞাপনটি প্রকাশের পর শাহরুখ, আলিয়া ও রণবীরের একসঙ্গে উপস্থিতি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তিন তারকার রসায়নের প্রশংসা করেছেন। পাশাপাশি তাদের একসঙ্গে বড় পর্দায় হাজির করার দাবিও জানিয়েছেন অনেকে।
এর আগে ২০১৬ সালের 'ডিয়ার জিন্দেগি' সিনেমায় শাহরুখ খান ও আলিয়া ভাটকে একসঙ্গে দেখা গিয়েছিল। তবে শাহরুখ খান ও রণবীর কাপুর এখনো কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করেননি। ফলে নতুন বিজ্ঞাপনে তিন তারকাকে একসঙ্গে দেখার পর তাদের নিয়ে সম্ভাব্য সিনেমার প্রত্যাশা আরও জোরালো হয়েছে।
Comments